বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, বর্তমান সরকার বিভিন্ন রকম কার্ড দেওয়ার কথা বলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে, ওইসব করতে গিয়ে আজ আমরা সার পাচ্ছি না, তেল পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না। দেশের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়ার আগে কৃষকের হাতে যথাসময়ে সার পৌঁছে দিতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আনা জরুরি। মাদক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হলে সমাজে শান্তি ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বড়বোয়ালিয়া আদি মসজিদ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাংবাড়ীয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত দাওয়াতি গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী জনস্বার্থে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। প্রকৃতপক্ষে মানুষের মূল সমস্যা কোথায়, তা সঠিকভাবে নিরূপণ করে কাজ করতে হবে।
তিনি বলেন, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জনস্বার্থে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে মানুষের মৌলিক সমস্যা ও জনদুর্ভোগের প্রকৃত কারণ চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, মানুষের মৌলিক সমস্যা ও জনদুর্ভোগ চিহ্নিত করে সেগুলো নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। শুধু বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে নয়, জনগণের বাস্তব চাহিদাকে অগ্রাধিকার দিয়ে রাষ্ট্র পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে হবে। মানুষের স্বার্থে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য, আইন ও আদালত বিষয়ক সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. দারুস সালাম।
এ সময় জি.এ সাংগঠনিক থানা জামায়াতের থানা আমীর আব্বাস উদ্দিন, নায়েবে আমীর সেলিম রেজা ও মাওলানা মনিরুদ্দিন, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য মাওলানা হুমায়ুন কবির, মিজানুর রহমান, মাও. আজহারুল, মাও. জহুরুল ইসলাম, মো. আ. রশিদ, মাও. মাসুদুর রহমান ও ডা. মো. নজরুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমীর মো. ইমরান হোসাইন, সেক্রেটারি রাইতাল হক, ওয়ার্ড সভাপতি মো. নাসির উদ্দীন, ইউনিয়ন কর্মপরিষদ সদস্য ও সাবেক মেম্বার মো. শফিউদ্দিন জোয়ার্দার, জয়নাল হোসেন, মো. জমির উদ্দিন, আব্দুর রহমান লাল্টু ও মাও. হাসমত আলীসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ কর্মসূচিতে অংশ নেন।
গণসংযোগ কর্মসূচিতে জামায়াত নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সংগঠনের দাওয়াতি কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে স্থানীয়দের মতামত ও বক্তব্য শোনেন তারা।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 
























