ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশকে কেন্দ্র করে আলিম লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে চুয়াডাঙ্গা জেলা ওলামা দল। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ এনে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
রোববার (২৭ জুলাই) সকাল ১১টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নেতারা।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আলিম লস্কর ইসলামের পোশাক ও ধর্মীয় পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল এবং অবৈধ আর্থিক সুবিধা অর্জনের চেষ্টা করছেন। পাশাপাশি তাবলিগ জামাতের নাম ব্যবহার করে ধর্মপ্রাণ মানুষের আস্থা অর্জনেরও চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, অতীতে চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদী এলাকায় ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটিকে কেন্দ্র করে যে জমি-সংক্রান্ত বিরোধ সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে আলিম লস্কর ও তার সহযোগীরা জড়িত ছিলেন।
বক্তাদের দাবি, একটি চক্র বিশ্ববিদ্যালয়টি দখল এবং এর শিক্ষা কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
চুয়াডাঙ্গা জেলা ওলামা দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মাহাবুবুর আলম, সিনিয়র সহ-সভাপতি মো. আবু হুরাইয়া, সহ-সভাপতি গোলাম কিবরিয়া স্বপন, চুয়াডাঙ্গা পৌর ওলামা দলের সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুসলিম হোসেন, সদর উপজেলা ওলামা দলের সভাপতি মো. রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শরিফুজ্জামান সুমন, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি কাজী আবুল হাসনাত মো. শফি, সাধারণ সম্পাদক মো. কলম বিশ্বাস, সহ-সভাপতি মো. আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজা মিয়া, দামুড়হুদা উপজেলা ওলামা দলের সভাপতি মো. আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুসসহ জেলা, পৌর ও বিভিন্ন উপজেলা ওলামা দলের নেতাকর্মী ও সমর্থকরা।
সম্পাদকের নোট: প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের বক্তব্য ও দাবির ভিত্তিতে প্রকাশ করা হয়েছে। এবং অভিযুক্ত আলিম লস্করের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















