চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাচনে অংশগ্রহন করায় ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছেন এসএএম জাকারিয়া আলম। তিনি উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেবেন।
আজ সোমবার (১৫ এপ্রিল) সকালে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার নিকট তিনি পদত্যাগপত্র জমা দেন।
জাকারিয়া আলম চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছিলেন। জাকারিয়া আলম এ ইউনিয়নের দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ইউপি চেয়ারম্যান অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিশ্চিত করে ইউএনও রোকসানা মিতা রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আজ থেকেই পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।
জাকারিয়া আলম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন বলেন,,দামুড়হুদা উপজেলা নির্বাচনে অংশ নিতে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। দীর্ঘদিন যাবত এই উপজেলা অবহেলিত, অনুন্নত হয়ে রয়েছে। আমি এই উপজেলায় শিক্ষাব্যবস্থার উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিসহ সারাদেশের মধ্যে একটি আধুনিক দৃষ্টিনন্দন উপজেলা গড়তে চাই।
উল্লেখ্য, আগামী ৮ মে প্রথম ধাপে দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১৫ এপ্রিল) ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























