চুয়াডাঙ্গার জীবননগরে তেল পাম্পে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি এবং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের ঘটনায় এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে আরও পাঁচজনকে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিফাত হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই আইনের আওতায় জীবননগরের সিকান্দার আলী, বিপ্লব কর্মকার, তেতুলিয়া গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলী এবং হরিয়ান নগরের মোশারফ হোসেনকে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, সড়ক পরিবহন আইনে জীবননগরের বাঁকা গ্রামের মোহাম্মদ শাহিন উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জমির উদ্দিন বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে জীবননগর ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তেল পাম্পে সিফাত ফুয়েল কার্ড ব্যতীত লাইন ভঙ্গকরে জ্বালানি তেল সংগ্রহে চাপ সৃষ্টি করায় আইন প্রয়োগের বিষয়ে তাকে সতর্ক করে ফুয়েল কার্ডসহ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহের জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু তিনি তা অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি ও জনমনে ভীতির সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতে কারাণ্ড দেওয়া হয়। এছাড়া কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
জীবনগর অফিস 






















