চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জ্বালানি তেলের সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। সীমিত সরবরাহ ও বাড়তি চাহিদার কারণে ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ লাইন, আর এতে চরম দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেল চালকরা।
শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার পর থেকেই জীবননগরের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে আসা শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারি চোখে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালক প্রয়োজনীয় তেল সংগ্রহ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের মতে, প্রতিদিন প্রায় হাজারখানেক মোটরসাইকেল তেল নিতে পাম্পগুলোতে ভিড় করছে। কিন্তু সরবরাহ সংকটের কারণে সেই চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে অনেক চালক এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরে বেড়াচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
ভুক্তভোগী চালকদের দাবি, জীবননগর এলাকার ছয়টি ফিলিং স্টেশনে একযোগে তেল সরবরাহ নিশ্চিত করা গেলে এই সংকট অনেকটাই কমে আসবে। এতে দীর্ঘ লাইনের চাপ হ্রাস পাবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও কমবে।
এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে, এককভাবে তাদের পক্ষে এ পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। নাসিম ফিলিং স্টেশনের সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসনের সমন্বয় ছাড়া একাধিক পাম্পে একসঙ্গে তেল সরবরাহ করা সম্ভব নয়। তাদের ভাষায়, জেলা প্রশাসন ডিপোগুলোর সঙ্গে সমন্বয় করলে তবেই পরিস্থিতির উন্নতি হতে পারে।
তারা আরও জানান, আগে প্রতিদিন ডিপো থেকে প্রায় সাড়ে চার হাজার লিটার তেল সরবরাহ পাওয়া গেলেও বর্তমানে তা অর্ধেকেরও কমে এসেছে। অন্যদিকে মোটরসাইকেলের সংখ্যা ও জ্বালানির চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়ে উঠেছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে জীবননগরে জ্বালানি তেলের এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।
এএইচ
জীবননগর প্রতিনিধি 






















