চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৭ সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। এতে সভাপতি পদে বিএনপি-সমর্থিত আলহাজ মুন্সী মো. শাহজাহান মুকুল এবং সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আফজালুল হক আফজাল নির্বাচিত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (১)।
সমিতির মোট ২২০ জন ভোটারের মধ্যে ২০৯ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে চারটি ভোট বাতিল হয়। ১৫টি পদের মধ্যে বিএনপি-সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদসহ ৯ জন, জামায়াত-সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিল প্যানেল থেকে একজন যুগ্ম সম্পাদকসহ দুজন এবং স্বতন্ত্রভাবে সাধারণ সম্পাদকসহ চারজন নির্বাচিত হয়েছেন বলে জানানো হয়েছে।
সভাপতি পদে ১১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আলহাজ মুন্সী মো. শাহজাহান মুকুল। তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলহাজ আকসিজুল ইসলাম রতন পেয়েছেন ৯৫ ভোট। সহসভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন এস এম আসাদুজ্জামান গণি সালাম ও মামুন আক্তার। তাঁরা যথাক্রমে ১৫৪ ও ১২২ ভোট পেয়েছেন। এ পদে তাঁদের প্রতিদ্বন্দ্বী মো. আলী হোসেন ৭২ এবং মোসলেম উদ্দীন (২) ৬৩ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে তিন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আফজালুল হক আফজাল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার) পেয়েছেন ৬৪ ভোট। বিএনপি-সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ পেয়েছেন ৫৯ ভোট।
যুগ্ম সম্পাদক পদে মোছা. তানিয়া লাঞ্চ ১১৪ ভোট এবং হারুনর রশিদ বাবলু ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী মসিউর রহমান পারভেজ ১০১ ও আলহাজ আফরুজা আকতার বীথি ৯৫ ভোট পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে সর্বোচ্চ ১৪৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন মুহাম্মদ ইকরামুল হক। দ্বিতীয় অবস্থানে থাকা আলম আমিন বিশ্বাস (মাহাম্মদ) পেয়েছেন ১১৯ ভোট। মো. ফরজ আলী ১১৪ ভোট পেয়ে তৃতীয়, আশিকুর রহমান রাজ ১০৮ ভোট পেয়ে চতুর্থ এবং সাকিবুর রহমান সাকিব ১০৩ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন। ৯৫ ভোট পেয়ে ষষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তানভীর আহম্মদ শাওন।
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে মো. আক্তার আলী ৮৮, বেলাল হোসেন বাদল ৮৭, সেলিনা খাতুন ও সৈয়দ ফারুক উদ্দিন আহম্মদ ৮৫ করে এবং হাসিবুল ইসলাম ইব্রাহিম ৮১ ভোট পেয়েছেন। আমজাদ আলী শাহ পেয়েছেন ৪৮ ভোট।
অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী না থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁরা হলেন কোষাধ্যক্ষ পদে এসএম হুমায়ুন কবীর, গ্রন্থাগার সম্পাদক পদে মো. আতিয়ার রহমান (২) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. বজলুর রহমান ডাবলু।
নির্বাচনে বিজয়ের পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক আফজালুল হক আফজাল ভোটার আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ বিজয় সেসব আইনজীবীর, যাঁরা আমাকে ভোট দিয়ে সম্মানিত করেছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে চলতি মাসের ৮ তারিখে আমার পিতা ইন্তেকাল করেছেন। তাঁর দোয়া ছিল। আমি এ বিজয় আমার পিতাকে উৎসর্গ করছি।’
নবনির্বাচিত সভাপতি আলহাজ মুন্সী মো. শাহজাহান মুকুল বলেন, ‘মহান আল্লাহকে ধন্যবাদ জানাই। আইনজীবী সমিতির সম্মানিত সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁরা আমার জন্য দোয়া করেছেন এবং ভোট দিয়েছেন।’
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (১) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সাংবাদিক ও সহকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এ নির্বাচনে সাংবাদিক ও সহকর্মীরা যথেষ্ট সহযোগিতা করেছেন। যে কারণে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমি সকল পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আলহাজ এম এম মনোয়ার হোসেন ও অ্যাডভোকেট ওহিদুজ্জামান মুকুল।
সুত্র – দৈনিক মাথাভাঙ্গা
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 


















