চুয়াডাঙ্গার সাহিত্য ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, আজীবন সদস্য ও বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ (অব.) হামিদুল হক মুন্সীর স্মরণে আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রয়াত এই শিক্ষাবিদ ও সাহিত্য সংগঠকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত অনুষ্ঠানে জেলার কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং পরিষদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
শিক্ষকতা ও সাহিত্যচর্চায় দীর্ঘদিনের অবদানের পাশাপাশি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটির বিকাশ ও আদর্শিক ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হামিদুল হক মুন্সী। জ্ঞানভিত্তিক ও মানবিক সমাজ গঠনের স্বপ্নে বিশ্বাসী এই শিক্ষাবিদ স্থানীয় সাহিত্য অঙ্গনে প্রবীণ ও নবীন—উভয় প্রজন্মের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তাঁর দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় জেলার মননশীল সাহিত্যচর্চা সমৃদ্ধ হয়েছে।
স্মরণসভায় তাঁর কর্মময় জীবন, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অবদান এবং চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ গঠনে ভূমিকা নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা করবেন সহযোদ্ধা, সহকর্মী ও গুণগ্রাহীরা।
পরিষদ সূত্রে জানা গেছে, আলোচনা ও স্মৃতিচারণ শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, চুয়াডাঙ্গার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে হামিদুল হক মুন্সীর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এএইচ/মেহেরাব
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 

















