চুয়াডাঙ্গার আলমডাঙ্গার খাসবাগুন্দা গ্রামের আলাউদ্দিন ধর্ষণ মামলায় নয় মাস জেল খেটে জামিনে বেরিয়েই ফের ভয়ঙ্কর হয়ে উঠেছেন। আদালতের আদেশে ডিএনএ পরীক্ষায় সন্তানের জৈবিক পিতা প্রমাণিত হওয়ার পরও তিনি এখন মামলার বাদিনীকে হত্যার হুমকি দিচ্ছেন এবং মামলা তুলে নিতে চাপ দিচ্ছেন। এ ঘটনায় প্রাণভয়ে কিশোরী মাতা শিশু সন্তানকে কোলে নিয়ে লুকিয়ে লুকিয়ে জীবনযাপন করছেন। তার একটাই আর্তনাদ—“আমি স্ত্রীর মর্যাদা চাই, আমার সন্তানের যেন পিতৃপরিচয় মেলে।”
বাদিনীর অভিযোগ, “আলাউদ্দিন ৯ মাস জেলে থেকে জামিনে মুক্ত হয়ে এখন আমাকে মামলা তুলে নিতে বলছে। রাজি না হওয়ায় বলেছে, তোকে আর তোর বাচ্চাকে মেরে ফেলবে। আমি এখন মৃত্যুভয়ে পালিয়ে বেড়াচ্ছি।”
দরিদ্র পরিবারের এই কিশোরীর জীবনে বিপর্যয়ের সূচনা ঘটে পিতার মৃত্যুর পর। পিতা খেদের আলী সড়ক দুর্ঘটনায় মারা গেলে সংসারে নেমে আসে চরম অভাব। টানাপোড়েন সামলাতে মা মেয়েকে পাঠান ঢাকার মিরপুরে এক আত্মীয়ের বাসায় কাজের জন্য। সেই আত্মীয়তার সুবাদেই ঘনিষ্ঠ হয়ে ওঠেন আলাউদ্দিন। তিনি নিয়মিত ওই বাসায় যাতায়াত করতেন, রাতযাপনও করতেন মাঝে মাঝে। গৃহকর্তা ও গৃহিণী দুজনই চাকরিজীবী হওয়ায় বেশিরভাগ সময় মেয়েটি বাসায় একা থাকত।
২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে, গৃহকর্তা ও গৃহিণী অফিসে চলে গেলে আলাউদ্দিন বাসায় ঢুকে পড়ে। বিয়ের প্রলোভন, জমিজমা লেখে দেওয়ার আশ্বাস আর বিদেশে নিয়ে যাওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সে মেয়েটিকে কুপ্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে, পরনের কাপড় টেনে ছিঁড়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর থেকে গৃহকর্তা-গৃহিণী অনুপস্থিত থাকলে বারবার ওই বাসায় প্রবেশ করে মেয়েটিকে ভয়ভীতি ও নেশা জাতীয় ওষুধ খাইয়ে ধর্ষণ করতে থাকে। মুখ খুললে হত্যা ও ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় আলাউদ্দিন।
এই ভয়-ভীতির মধ্যে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তার শারীরিক অসঙ্গতি দেখে গৃহকর্ত্রী তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানান, সে চার মাসের গর্ভবতী। তখন বাধ্য হয়ে মেয়েটি সব ঘটনা জানায় এবং ২০২৪ সালের ৯ জুন মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়ের করে।
তদন্তে আদালতের নির্দেশে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগ ডিএনএ পরীক্ষা পরিচালনা করে। বাংলাদেশ পুলিশ সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবের ২০২৫ সালের ২৩ জানুয়ারির রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়—মামলার আসামি আলাউদ্দিনই বাদিনীর কন্যা ফারজানার জৈবিক পিতা। তবুও আলাউদ্দিন কখনও দায় স্বীকার করেননি, বরং অভিযোগ অস্বীকার করে পালিয়ে বেড়িয়েছেন।
গ্রেফতারি পরোয়ানার পর পুলিশ ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলাউদ্দিনকে আটক করে জেলে পাঠায়। নয় মাস জেলে থাকার পর তিনি সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান। আর জামিনেই মুক্ত হয়ে আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। বাদিনীর ভাষায়, “ও বলেছে, মামলা তুলে নিবি না হলে তোকে ও তোর বাচ্চাকে মেরে ফেলবে, তারপর বিদেশে পালিয়ে যাবে।”
এখন এই কিশোরী মাতা দিন কাটাচ্ছেন আতঙ্কে। বলেন, “আমার কোনো নিরাপত্তা নেই। সে যেকোনো সময় আমাদের মেরে ফেলতে পারে। আমি চাই আদালত তার জামিন বাতিল করুক, আমার সন্তানের পিতৃপরিচয় প্রতিষ্ঠা করুক, আমি যেন স্ত্রীর মর্যাদা পাই।”
স্থানীয়রা জানান, আলাউদ্দিন নিজেকে এখন গ্রামের ‘ভালো মানুষ’ হিসেবে উপস্থাপন করছেন। সবাইকে বলেন, তিনি নাকি বিদেশে ছিলেন এবং মিথ্যা মামলার শিকার হয়েছেন। কিন্তু গ্রামজুড়ে ফিসফিসানি—এই ভদ্রতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক ধূর্ত, নারীলোভী ও প্রতারক মানুষ। এমনকি তার স্ত্রীও নাকি সম্প্রতি তাকে ডিভোর্স দিয়েছেন।
অন্যদিকে, আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে ফাঁসানোর জন্যই এই মামলা করা হয়েছে। যাতে আমি বিদেশে যেতে না পারি।”
তবে মামলার কাগজপত্র, ডিএনএ রিপোর্ট এবং চিকিৎসা সনদ বলছে ভিন্ন কথা। সব প্রমাণই বলছে, আলাউদ্দিনের হাতেই নিঃশেষ হয়েছে এক দরিদ্র কিশোরীর জীবনের স্বপ্ন।
এখন তার একটাই দাবি—“ন্যায়বিচার চাই, আমার সন্তানের পিতৃপরিচয় চাই, আমি স্ত্রীর মর্যাদা পেতে চাই।”
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























