চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি শেষে সামারি ট্রায়াল আদালত উভয়কে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এম. সজীব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে কেদারগঞ্জ নতুন বাজার এলাকার মওলা মিয়ার চারতলা ভবনের সামনের পাকা সড়কে অবস্থান নেয় পুলিশ। সেখানে সন্দেহজনকভাবে অবস্থানরত দুই ব্যক্তিকে তল্লাশি করলে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের হাতেনাতে আটক করা হয়।
তারা হলেন, চুয়াডাঙ্গা শহরের হকপাড়া এলাকার মৃত দুখু মিয়ার মেয়ে ও শান্ত মিয়ার স্ত্রী মিম খাতুন (২২) এবং তালতলা এলাকার মৃত আবু সুফিয়ানের ছেলে সাব্বির হোসেন পল্টন (২৮)।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আসামিদের সামারি ট্রায়াল আদালতে সোপর্দ করা হলে শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন।
আদালতের রায়ে মিম খাতুনকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে সাব্বির হোসেন পল্টনকে এক বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকমুক্ত চুয়াডাঙ্গা গড়ে তুলতে মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
সুত্র : দৈনিক মাথাভাঙ্গা
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















