চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারীতে সড়কে গাছ ফেলে পথরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রে সজ্জিত চারজনের একটি দল মোটরসাইকেল আরোহীদের থামিয়ে অন্তত দুজনের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন লুটের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারি ইটভাটার নিকট এ ঘটনা ঘটে।
পুলিশের জানায়, দুজনের নিকট থেকে নগত টাকা ও মোবাইল ফোন লুটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়।

একজন ভুক্তভোগীর তথ্যমতে, ভোরের দিকে ওই সড়কে একটি ট্রাক হেডলাইট জ্বালিয়ে দাঁড়িয়ে ছিল। এ কারণে সামনে ফেলে রাখা গাছগুলো মোটরসাইকেলচালক দেখতে পাননি। এ সুযোগে চার সদস্যের ডাকাতদল গাছ ফেলে সড়ক পুরোপুরি বন্ধ করে তাদেরকে থামিয়ে লুটপাট চালায়।
ডাকাতির শিকার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের বাদশাহ ফয়সাল রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রতিদিনের মতো ভোর ৫টার দিকে মোটরসাইকেলে করে মিঠাই বাড়ির কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। বোয়ালমারী ইটভাটার কাছে পৌঁছে দাড়িয়ে থাকা ট্রাকের হেডলাইটের কারণে সামনে রাখা গাছ দেখতে না পেয়ে ব্রেক করতে করতেই ডাকাতদের সামনে গিয়ে পড়েন।
তিনি বলেন, এ সময় দেখি এক মোটরসাইকেলচালককে তারা বেধড়ক মারছে। এরপর আমার কাছে থাকা সামান্য টাকা এবং মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর আমাকে ছেড়ে দিলে কিছুদুর গিয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল করলে পুলিশ ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে যায়, কিন্তু ডাকাতরা এর আগেই পালিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতদলের দুজনের হাতে ধারালো অস্ত্র এবং দুজনের হাতে লাঠি ছিল। অন্য মোটরসাইকেলচালক টাকা বা মোবাইল দিতে না চাইলে তাকে মারধর করে আহত করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, দুজনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল নেওয়ার ঘটনা আমরা নিশ্চিত হয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের দ্রুত উপস্থিতির কারণে বড় কোনো ক্ষয়ক্ষতি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























