মানুষের সেবাকে জীবনের ব্রত হিসেবে ধারণ করেছিলেন প্রয়াত চিকিৎসক ডা. আবিদ হাসান জিসান। মৃত্যুর পরও তার স্মৃতি ও মানবসেবার আদর্শকে ধারণ করে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছুটিপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল। চুয়াডাঙ্গা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (সিএমএসএ)-এর উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পান।

শনিবার (৩০ মে) বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত ছুটিপুর গ্রামে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় বিভিন্ন বয়সী রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা নিতে এলাকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন মরহুম ডা. আবিদ হাসান জিসানের পিতা ও ছুটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আহসান হাবিব। এসময় তিনি আবেগঘন বক্তব্যে বলেন, তাঁর ছেলের স্মরণে এমন একটি মানবিক উদ্যোগ তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তিনি আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. ইমরান হোসেন (এমবিবিএস, এফসিপিএস), ডা. আব্দুল মোমিন হৃদয় (এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ; বিসিএস ৪৮তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত), সিএমএসএ-এর সহ-সভাপতি ডা. মো. রাকিব (এমবিবিএস, রাজশাহী মেডিকেল কলেজ) এবং সিএমএসএ-এর সভাপতি ডা. মো. শাহরিয়ার সিয়াম (এমবিবিএস, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন মেডিকেল শিক্ষার্থী মোছা. শারমিন, তাহমিদা ছন্দা, শিউলী এবং আশিক মিসবাহ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

চিকিৎসাসেবা শেষে মরহুম ডা. আবিদ হাসান জিসানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দোয়ায় তার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে ‘মিশন প্রগতি চেইন অব ইউনিটি’ এবং সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ, চুয়াডাঙ্গা টিম। স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতায় পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, মানবসেবায় নিবেদিতপ্রাণ ডা. আবিদ হাসান জিসানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং গ্রামের সাধারণ মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবার সুযোগ সৃষ্টি করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে তার আদর্শকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স্থানীয়রা বলেন, একজন প্রয়াত চিকিৎসকের স্মরণে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শুধু তার স্মৃতিকেই অমর করে না, একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার বার্তাও পৌঁছে দেয়। ছুটিপুরে আয়োজিত এই মেডিকেল ক্যাম্প সেই মানবিক চেতনারই এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 



















