চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে ছয় বছর বয়সী এক ছেলে শিশুকে যৌন নির্যাতনের (বলাৎকার) ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) বিকেলে রাজাপুর গ্রামে শিশুটির সঙ্গে ঘটনাটি ঘটে। পরে রাতে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে তীব্র ব্যথা ও শারীরিক অসুস্থতা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, শিশুটির সঙ্গে এর আগেও একই ধরনের ঘটনা একাধিকবার ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয় এবং শিশুটিকে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়।
এদিকে শিশুটির বাবার করা মামলার পর পুলিশ অভিযানে নামে। পরে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়েছে, গ্রেপ্তার কিশোরের বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। সে এলাকায় ভেড়া চরানোর কাজ করত।
অভিযুক্ত কিশোরের মালিক দাবি করেছেন, ছোটবেলায় ছেলেটিকে কুড়িয়ে পাওয়ার পর তিনি নিজের কাছে রেখে লালন-পালন করেন। একসময় তাকে মাদ্রাসায় পড়াশোনারও ব্যবস্থা করেছিলেন। পরে সে সেখান থেকে পালিয়ে যায় এবং ঘটনার প্রায় চার দিন আগে এলাকায় ফিরে আসে। শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা জানাজানি হলে স্থানীয় কয়েকজন তাকে আটক করে রাখেন।
চুয়াডাঙ্গা সদর থানা (ওসি) মো. মিজানুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, যৌন নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 









