চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা বাজার এলাকায় পারিবারিক কলহ ও টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্ত্রীর ছোড়া ইটের আঘাতে শিবলু হোসেন (২৯) নামে এক যুবক মাথায় গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে হাতিকাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিবলু হোসেন পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।
ঘটনাসূত্রে জানা যায়, শিবলু হোসেন তার মাথার টিউমার অপারেশনের জন্য ৩০ হাজার টাকা জমিয়েছিলেন। অভিযোগ রয়েছে, তার স্ত্রী ওই টাকা নিয়ে বাবার বাড়ি চলে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে হাতিকাটা মোড়ে শিবলু হোসেন তাকে ভ্যান থেকে নামিয়ে লাঠি দিয়ে মারধর শুরু করেন।
এ সময় আত্মরক্ষার্থে রাস্তার পাশে পড়ে থাকা একটি ইট দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এতে শিবলু গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্ত্রী নিজেই স্থানীয়দের সহযোগিতায় আহত স্বামীকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, শিবলুর মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে।
অন্যদিকে স্ত্রী আসমানিক দাবি করেন, তার স্বামী নিয়মিত মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে তাদের সংসারে অশান্তি বিরাজ করছে। তাদের একটি সন্তানও রয়েছে।
এ ঘটনায় সংবাদ সংগ্রহের সময় আহত শিবলু হোসেন প্রতিবেদককে সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি প্রদান করেন। এ সময় উপস্থিত সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এএসআই) প্রবীল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রতিবেদকের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করেন।
সুত্র – দৈনিক মাথাভাঙ্গা
এএই
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















