সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরও দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে চুয়াডাঙ্গা শহরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে।
বুধবার (১০ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের বড়বাজার, ফেরিঘাট রোড, ফাতেমা প্লাজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরও কয়েকটি দোকান খোলা রাখার বিষয়টি প্রশাসনের নজরে আসে।
অভিযানকালে চুয়াডাঙ্গা শহরের ফাতেমা প্লাজায় অবস্থিত দুটি দোকান নির্ধারিত সময়ের পরও খোলা রাখার প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য প্রতিষ্ঠান দুটিকে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নাঈম বলেন, সরকারের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি বাস্তবায়নের স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখা বাধ্যতামূলক। যারা এ নির্দেশনা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”*
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকারের নির্দেশনা অনুযায়ী গত ১ জুন থেকে দেশের সকল শপিং মল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হয়েছে। একই সঙ্গে বিলবোর্ডের আলোকসজ্জা, বিভিন্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 










