চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা-মোমিনপুরে ক্যানালের সরকারি গাছ কাটার সময় দুই শ্রমিককে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে তাদের দুজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নে সরিষাডাঙ্গা ক্যানালের সরকারি গাছ কাটাত সময় জুলফিকার (৬৫) ও শ্যামল দাস নামের দুজন শ্রমিককে সদর থানা পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে এক হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, সরকারি গাছ কাটার মুল হোতা অর্থাৎ নির্দেশদাতা সাবেক ইউপিসদস্য। তবে দুজন বিএনপি নেতার নামও উঠছে এ ঘটনায়। উপজেলা প্রশাসন তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে।
অপরদিকে, স্থানীয় অনেকে নাম প্রকাশ না করার শর্তে জানান, সাবেক ইউপি সদস্য মজিবর রহমান মূলত এই গাছ কাটার মূলহোতা। মজিবর মেম্বারের নির্দেশেই সরকারি গাছ কাটছিলো এই দুই শ্রমিক। এই গাছ বিক্রির কিছু টাকা মোমিনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালামের কাছে রাখা ছিল। মজিবর মেম্বারকে নির্দেশেই এই ঘটনা ঘটেছে। পরে ধরা পড়ার পর গাছ বিক্রির টাকাও ফেরত দিয়েছে আব্দুস সালাম।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমি ঘটনার সঙ্গে জড়িত নয়। আমার নির্দেশে কোনো গাছ কাটা হয়নি। এখানে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ক্যানালে খননের কাজ চলছে। খননের সময় ভেকু মেশিনে লেগে কয়েকটি গাছ ভেঙ্গে গেছে। এই গাছগুলো চুরি হয়ে যেতে পারে, এমন সংশয়ে প্রকাশ করেন উজ্জ্বল নামের একজন। পরে গাছগুলো নিয়ে তিনি ঈদগাঁহে নিয়ে রাখেন৷
এ বিষয়ে জানতে সাবেক ইউপি সদস্য মজিবর রহমানের সঙ্গে যোগাযোগের করা সম্ভব হয়নি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আশিস মোমতাজ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, গাছ কাটার সময় দুজন শ্রমিককে আটকের পর তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। যেহেতু তারা শ্রমিক, নির্দেশনা অনুযায়ী গাছ কাটছিল।
গাছ কাটার নির্দেশদাতাদের সনাক্ত করা গেছে কিনা এমন প্রশ্নের জবারে তিনি বলেন, ওই ওয়ার্ডের একজন পলিটিক্যাল পারসন সাবেক ইউপি সদস্যদের নির্দেশেই গাছ কাটা হচ্ছিল বলে জেনেছি। এ ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ডাকা হয়েছিল। তাদেরকে জানানো হয়েছে। তারা অভিযুক্তদের সনাক্ত করে আমাদের জানাবেন। এরপরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























