ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ভিডিও কলের সময় গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে রাসেল মিয়া রাজু (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত ৩ জানুয়ারি দিবাগত রাতে ঢাকার তুরাগ থানাধীন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাসেল মিয়া রাজু রংপুর জেলার পীরগাছা উপজেলার শিবদেবপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে। তিনি উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং এক সন্তানের জনক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে আলমডাঙ্গা উপজেলার রোয়াকুলি গ্রামের এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় রাসেল মিয়া রাজুর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা ফেসবুক ম্যাসেঞ্জার, ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত কথাবার্তা ও ভিডিও কলে যোগাযোগ রাখতেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ভিডিও কলের সময় গোপনে ওই তরুণীর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন অভিযুক্ত। পরবর্তীতে বিয়ের প্রস্তাব নিয়ে ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবার রাজি না হওয়ায় ধারণকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন তিনি।
একপর্যায়ে অভিযুক্ত ওই ছবি ও ভিডিও ভুক্তভোগীর ভাই ও ভাবির কাছে পাঠান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করেন। এমনকি একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ভুক্তভোগীর কিছু ছবি প্রকাশ করার অভিযোগও মামলায় উল্লেখ রয়েছে।
উপায় না পেয়ে ভুক্তভোগী নারী আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর আলমডাঙ্গা থানা পুলিশের এসআই নিয়ামুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করেন। পরে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন এলাকা থেকে রাসেল মিয়া রাজুকে গ্রেফতার করে থানায় আনা হয়।
সুত্র : দৈনিক মাথাভাঙ্গা
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 
























