চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে হুসাইন আহমেদ (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন৷ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহত হুসাইন আহমেদ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর গ্রামের গাংপাড়ার মকবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন বিচুলি ব্যবসায়ী।

সোমবার (০৯ জুন) বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা শহরের ঘোড়ামারা ব্রিজের অদূরে দশপকোট নামকস্থান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জগদীশ চন্দ্র বসু ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুলনাগামী লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ছাদে করে চুয়াডাঙ্গায় আসছিল এই যুবক। পরে বৈদ্যুতিক তারে লেগে ছিটকে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন।

আহত হুসাইনের বোন রুমি খাতুন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমার বড় বোনের শ্বশুর বাড়ি কুষ্টিয়ার পোড়াদহ থেকে ট্রেনযোগে বাড়িতে আসছিল হুসাইন৷ শুনেছি ট্রেন থেকে পড়ে এদূর্ঘটনা ঘটেছে৷ আমরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নিয়ে যাচ্ছি।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মাথায় একপাশে গভীর আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 



















