চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামে একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যার পর স্থানীয় কৃষক ও গবাদিপশু চরাতে যাওয়া কয়েকজন ব্যক্তি কুতুবপুর ইউনিয়ন ও ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সীমান্তবর্তী খালের পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুতুবপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন।
ঘটনাস্থল কাদামাটি হওয়ায় রাত ১২টা পর্যন্ত মরদেহ উদ্ধারের কাজ শুরু হয়নি বলে নিশ্চিত করেছেন কুতুবপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক।
তিনি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঝিনাইদহের হরিণাকুন্ডু ও চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমান্তবর্তী একটি খালের পানিতে অর্ধগলিত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। এখনো উদ্ধারকাজ শুরু হয়নি কাদামাটির জন্য।
স্থানীয় ইউপি সদস্য আফাঙ্গীর হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন,, সন্ধ্যার আগে কয়েকজন কৃষক ও গরু-ছাগল চরাতে যাওয়া ব্যক্তি অর্জন খালের মাঠ এলাকায় মরদেহটি দেখতে পান। মরদেহটি অনেকটা অর্ধগলিত অবস্থায় রয়েছে। পরনে একটি প্যান্ট রয়েছে। যে জমিতে মরদেহটি পাওয়া গেছে, সেটির মালিক হরিণাকুন্ডু উপজেলার হিঙ্গারপাড়া এলাকার আব্দুল মজিদ।
মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ ধারণা করছে, কয়েকদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহ উদ্ধার ও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















