“পৃথিবীর সুরক্ষায় কাজ করি স্থানীয় পর্যায়ে” (Acting Locally for Global Impact) প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আড়িয়া গ্রামে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর আয়োজনে এবং স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলোর সহযোগিতায় দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিকেল ৪টায় আড়িয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে সেখানে তরুণ প্রজন্ম ও স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহিন সরকার বলেন,“বিশ্ব বিবেক ও রাষ্ট্রনায়কেরা যখন যুদ্ধ-বিগ্রহ ও অনিয়ন্ত্রিত শিল্পায়নের মাধ্যমে প্রকৃতি ধ্বংস করছে, তখন আমাদের দেশের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা প্রাণ-প্রকৃতি রক্ষার কথা ভাবছে এবং জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করছে। বাংলার লোকজ সংস্কৃতি জীববৈচিত্র্য ও প্রাণ-প্রকৃতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই আমাদের সংস্কৃতি টিকিয়ে রাখতে জীববৈচিত্র্য সংরক্ষণ জরুরি। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় রোধে স্থানীয় পর্যায়ে জীববৈচিত্র্য রক্ষা এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন,“আমাদের চারপাশের প্রকৃতি ও প্রাণীকুলকে টিকিয়ে রাখতে না পারলে মানবসভ্যতা বড় ধরনের হুমকির মুখে পড়বে।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য আব্দুল মান্নান। তিনি জীববৈচিত্র্য সংরক্ষণের আইনি ও ব্যবহারিক দিক তুলে ধরে বন অধিদপ্তরের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয় তরুণদের পরিবেশ রক্ষায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও শিক্ষার্থীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং বন্যপ্রাণী শিকার বন্ধে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ।
এসময় সংগঠনের কার্যনির্বাহী সদস্য মামুনুর রশীদ মামুন, সুলতান সরকার, মুনজুরুল ইসলাম মুনজুরসহ স্থানীয় পরিবেশকর্মী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 



















