অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে আতিয়ার রহমান (৫৭) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের ফোরসেদপুর গ্রামে।
পরিবার সূত্রে জানা যায়, আতিয়ার রহমান দীর্ঘদিন ধরে স্ট্রোকজনিত অসুস্থতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি পূর্বেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন। অবশেষে সোমবার (০৪ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজ বাড়ির উঠানে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
পরিবারের সদস্যরা জানান, এর আগেও একবার তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে সে সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করায় প্রাণে বেঁচে যান।
আজ বুধবার (৫ নভেম্বর) বেলা ৩টার দিকে বেগমপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বেগমপুর পুলিশ ক্যাম্প পুলিশের পরিদর্শক (এসআই) শেখ মো. মোরশেদ আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছি। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ঘটনাটির বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।
স্থানীয়দের মতে, আতিয়ার রহমান দীর্ঘদিনের অসুস্থতা ও মানসিক কষ্টই হয়তো তাকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
এএইচ
সজিব উদ্দিন 























