চুয়াডাঙ্গার দর্শনায় নিজেকে থানার পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে রেশনের তেল দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে দর্শনা রেলবাজার এলাকায় এ অভিনব প্রতারণার ঘটনা ঘটে। ঘটনাটি পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও জানা গেছে।
ভুক্তভোগী দর্শনা রেলবাজারের সুবহান স্টোরের মালিক রেজা সরকার জানান, সকালে এক ব্যক্তি তার দোকানে এসে নিজেকে দর্শনা থানার একজন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তিনি দাবি করেন, তার কাছে ৫ লিটারের সয়াবিন তেলের ৮ কার্টন রয়েছে, যা রেশন মূল্যে বিক্রি করা হবে।
রেজা সরকার বলেন, “আমি তাকে বলি তেল নিয়ে এলে নগদ টাকা দেব। কিন্তু তিনি জানান, একা এত তেল আনা সম্ভব নয়। একটি ভ্যান দিলে ভ্যানচালককে সঙ্গে নিয়ে থানায় গিয়ে তেল এনে দেবেন।” পরে দর্শনা চালবাজার এলাকার ভ্যানচালক শামসুলকে তার সঙ্গে পাঠানো হয় এবং তার হাতেই ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
ভ্যানচালক শামসুল জানান, প্রতারক ব্যক্তি তাকে দর্শনা থানার গেটের সামনে নিয়ে গিয়ে বলেন, “স্যারদের সঙ্গে কথা বলে তেল নিয়ে আসছি, টাকাটা দেন।” থানার সামনে থাকায় বিষয়টি স্বাভাবিক মনে করে তিনি প্রতারকের হাতে টাকা দেন। এরপর ওই ব্যক্তি থানার ভেতরে ঢুকে আর ফিরে আসেননি।
অনেকক্ষণ অপেক্ষা করার পর থানার ভেতরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি ভ্যানচালক। পরে তিনি বাজারে ফিরে দোকান মালিককে বিষয়টি জানান।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন বলেন, “বাজার এলাকায় এর আগেও চুরি ও প্রতারণার ঘটনা ঘটেছে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।”
এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “বিষয়টি শুনেছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত প্রতারককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 























