চার বছর তো দূরের কথা, ফুটবলে কয়েক সপ্তাহেই বদলে যেতে পারে অনেক কিছু। আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের ক্যারিয়ারই যেন তার বড় উদাহরণ। ২০২২ কাতার বিশ্বকাপে যিনি ছিলেন মূলত ব্যাকআপ স্ট্রাইকার, এখন তিনিই আর্জেন্টিনা জাতীয় দলের আক্রমণভাগের অন্যতম নির্ভরতার নাম।
কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আক্রমণভাগে প্রথম পছন্দ ছিলেন লাউতারো মার্তিনেজ। ২০২১ কোপা আমেরিকা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ফলে তখনকার ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড আলভারেজকে অপেক্ষা করতে হয়েছিল সুযোগের জন্য।
সৌদি আরবের বিপক্ষে হতাশাজনক হার ও মেক্সিকোর বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভারেজ। তবে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। ওই ম্যাচে একটি গোলও করেন রিভার প্লেটের সাবেক এই তারকা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচেই ছিলেন শুরুর একাদশে।

বিশ্বকাপে চার গোল করে আর্জেন্টিনার শিরোপা জয়ে বড় অবদান রাখেন আলভারেজ। বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে তার জোড়া গোল আজও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল।
ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষে বর্তমানে অ্যাতলেটিকো মাদ্রিদে খেলছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইউরোপিয়ান ফুটবলেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দারুণভাবে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে কোপা লিবার্তাদোরেস, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা আমেরিকাসহ বড় বড় ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।
দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ধারাবাহিক পারফরম্যান্স, আক্রমণাত্মক প্রেসিং, দুর্দান্ত বোঝাপড়া ও নিখুঁত ফিনিশিংয়ের কারণে এখন আর্জেন্টিনার প্রথম একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আলভারেজ।
আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন এই ফরোয়ার্ড জানিয়েছেন, তাদের লক্ষ্য আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।
আর্জেন্টিনার লক্ষ্য নিয়ে আলভারেজ বলেন,
“একজন আর্জেন্টাইন হিসেবে আমাদের মধ্যে সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার তাড়না কাজ করে। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা আবারও ফাইনালে যেতে চাই। জানি কাজটা সহজ হবে না। অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে এবং ছোট ছোট ব্যবধানই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তবে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই ধাপে ধাপে এগোতে চাই।”
তিনি আরও বলেন, “বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে অংশ নেওয়া অসাধারণ অনুভূতি। এটা আমাদের জন্য গর্বের। অবশ্যই আমরা ট্রফিটা নিজেদের কাছেই রাখতে চাই এবং দেশের মানুষকে আবারও আনন্দ দিতে চাই।”
বিশ্বকাপে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি এখন পর্যন্ত গড়তে পেরেছে মাত্র দুটি দেশ— ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) এবং ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২)। ২০২২ সালে ফ্রান্স সেই কীর্তির খুব কাছাকাছি গিয়েও আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে যায়। এবার সেই ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা।

টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা ইতিহাসের অন্যতম সেরা দল হয়ে উঠবে কি না— এমন প্রশ্নের জবাবে আলভারেজ বলেন,
“আমরা যদি আবারও বিশ্বকাপ জিততে পারি, তাহলে সেটা ইতিহাস হয়ে থাকবে। কারণ তখন আমরা টানা দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হবো, সঙ্গে থাকবে পরপর দুটি কোপা আমেরিকার শিরোপা। গত কয়েক বছর আমাদের দেশের ফুটবলের জন্য সত্যিই স্বর্ণযুগ ছিল। আমরা চাই এই অসাধারণ মুহূর্তগুলো আবার ফিরিয়ে আনতে।”
এদিকে, লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও চলছে আলোচনা। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত করেননি, তবুও ধারণা করা হচ্ছে তাকে রেখেই দল ঘোষণা করা হবে। অনেকের মতে, এটিই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ।
দলনেতা মেসিকে নিয়ে আলভারেজ বলেন, “বয়সের কারণে এটা হয়তো তার শেষ বিশ্বকাপ হতে পারে। তবে সিদ্ধান্তটা পুরোপুরি তার নিজের। এটা নিঃসন্দেহে একটি বিশেষ বিশ্বকাপ হবে— শুধু আমাদের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য। কারণ মেসিকে যারা অনুসরণ করে, যারা তাকে সর্বকালের সেরা মনে করে, তাদের কাছেও এটি আবেগের ব্যাপার। ফুটবল বিশ্বে তার প্রভাব অসাধারণ।”
এএইচ
স্পোর্টস ডেস্ক 






















