চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের খাঁ পাড়ায় রাতের আধারে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মনোয়ার হোসেন জানুর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (২২ অক্টোবর) রাতের যে কোন সময় এ ঘটনা ঘটে। চক্রটি বাড়ির ড্রয়ার ভেঙ্গে নগত ৪০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
এদিকে, বিভিন্ন গণমাধ্যমে জানানো হয় অস্ত্রের মুখে জিম্মি করে নগত অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতদল। তবে ডাকাতি নয়, চুরির ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আলমডাঙ্গা থানার ওসি ও স্থানীয় ইউপি জনপ্রতিনিধি।
স্থানীয় ইউপি সদস্য হারুন আর রশিদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, রাতে যে কোন সময় বাড়িতে ঢুকে চোরচক্র ড্রয়ার ভেঙ্গে নগত ৪০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজগপত্র নিয়ে যায়। সকালে বাড়ির লোকজন টের পেলে বিষয়টি জানাজানি হয়। সকালে পাশ্ববর্তী একটি হলুদ ক্ষেতে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র ফেলে রেখে যায়।
তিনি আরও বলেন, আমি ভুক্তভোগী মনোয়ার হোসেনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, আমরা টেরই পাইনি কখন ঘরে ঢুকে চুরি করে নিয়ে গেছে। ঘুম ভাঙলে বিষয়টি টের পাই। এটা ডাকাতির ঘটনা নয়। আমাদেরকে জিম্মি করেনি। যদি ডাকাতদল জিম্মি করে লুট করে নিয়ে যেতো তাহলে সেই রাতেই অন্তত আশপাশের মানুষজন জানতো।
আলমডাঙ্গা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আজ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী সহ আশপাশের প্রতিবেশির সঙ্গে কথা বলে জেনেছি চুরির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেনি। চোর সনাক্তে আমরা কাজ করছি। এছাড়া সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান তিনি।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 
























