চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় তানজিল হোসেন (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তার দুলাভাই উজ্জল গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের নিগার সিদ্দিক কলেজের অদূরে সাবেক সেলিম চেয়ারম্যানের ভাটার কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তানজিল হোসেন আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল গ্রামের বাসিন্দা। সে ওই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তানজিল তার দুলাভাই উজ্জলের সঙ্গে উপজেলার নাগদহ এলাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় তানজিল মোটরসাইকেলের পেছনে বসে ছিল। নিগার সিদ্দিক কলেজের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তানজিল হোসেনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত দুলাভাই উজ্জলকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন কিশোর নিহত হয়েছে এবং আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অল্প বয়সে তানজিল হোসেনের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোক ও বেদনা বিরাজ করছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























