এইসলামী ঐক্যজোটের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজি আজ চুয়াডাঙ্গায় আসছেন। তিনি চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ১৭তম ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
শনিবার (১৩ ডিসেম্বর) টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য এই মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ এর সভাপতি মুফতী জুনাইদ আল হাবিবী।
তিনি গণমাধ্যমকে বলেন, ঐতিহাসিক এই মহাসম্মেলনকে ঘিরে পুরো চুয়াডাঙ্গায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আলেম-উলামা, ছাত্রসমাজ ও সাধারণ মানুষ সম্মেলনে অংশ নিতে মুখিয়ে আছেন। আমরা সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছি।
এদিকে, মহাসম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক।
তাঁর আগমন প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি মাওলানা জোবায়ের খান বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লামা মামুনুল হক চুয়াডাঙ্গায় আসছেন- এতে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর আগমন উপলক্ষে টাউন ফুটবল মাঠের প্রধান ফটকের ডান পাশে বাংলাদেশ খেলাফত মজলিসের ভ্রাম্যমাণ প্রকাশনা ও সদস্য সংগ্রহ ক্যাম্প স্থাপন করা হয়েছে। একই সঙ্গে একটি অস্থায়ী ট্রাফিক কন্ট্রোলরুমও চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আমাদের নেতাকর্মীরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। আশা করছি, ইনশাআল্লাহ মহাসম্মেলনটি হবে প্রাণবন্ত ও সফল।
এসআই
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















