যুক্তি উপস্থাপন, ভাষাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি চর্চার মধ্য দিয়ে দিনভর প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ‘1st NDF BD × DCC Debate Carnival 2026’। শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্যে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এবং ডিবেট ক্লাব অব চুয়াডাঙ্গার (ডিসিসি) যৌথ উদ্যোগে শুক্রবার (১ নভেম্বর) ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্নিভালের আয়োজন করা হয়।

সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আয়োজন। উদ্বোধনী পর্বে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা ও সৃজনশীল মনন গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের সূচনা ও স্বাগত বক্তব্য দেন ডিবেট ক্লাব অব চুয়াডাঙ্গার সভাপতি মো. তামিম সালাম। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন লায়ন এম. আলমগীর। ক্লাবের প্রাণবন্ত উপস্থাপনা ও বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ হুমায়ুন কবীর, সহকারী কমিশনার (ভূমি) আসিফ হায়দার ও নাজমুল রহমান, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদুর রহমান এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।
আলোচনা পর্বের পর শুরু হয় বিতর্ক ও সাংস্কৃতিক আয়োজন। পৃথক কক্ষে বাংলা ও ইংরেজি বিতর্কের পাশাপাশি দুই ভাষায় পাবলিক স্পিকিং প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রতিযোগিতার পাশাপাশি কার্নিভালের বিশেষ আকর্ষণ হয়ে ওঠে আঞ্চলিক ভাষার বিতর্ক। এতে কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, নোয়াখালী ও চুয়াডাঙ্গার প্রতিনিধিরা নিজ নিজ অঞ্চলের ভাষায় বক্তব্য ও যুক্তি তুলে ধরেন। চুয়াডাঙ্গার আঞ্চলিক ভাষার প্রতিনিধিত্ব করেন ডিবেট ক্লাব অব চুয়াডাঙ্গার ভাইস প্রেসিডেন্ট তাসলিম আল মাহমুদ।

জুমার নামাজের বিরতির পর আয়োজন করা হয় ‘প্ল্যানচেট’ পর্ব। ভৌতিক আবহে বিদেহী আত্মার সাড়া পাওয়ার চেষ্টা ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় কৌতূহল ও রোমাঞ্চ।
বিকেলে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় কার্নিভাল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামিন আক্তার। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান, বিপ্লব ও মিজানুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন শিক্ষার্থীদের যুক্তি প্রকাশের সক্ষমতা, ভাষাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখবে। পাশাপাশি চুয়াডাঙ্গায় বিতর্কচর্চাকে আরও এগিয়ে নিতে কার্নিভালটি নতুন মাত্রা যোগ করবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 


















