চুয়াডাঙ্গা হকপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ গ্রাম গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ/সামারি ট্রায়াল আদালতে তাদের প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আহ বুধবার (১২ আগস্ট) রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার রিতা খাতুন হকপাড়া এলাকার মো. সেকেন্দার আলীর মেয়ে ও মো. অপু আলীর স্ত্রী। অপর আসামি হোসনা খাতুন একই এলাকার মোঃ মজিবর রহমানের মেয়ে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের হকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মোছা. রিতা খাতুন (২৩) ও হোসনা খাতুনকে (২৫) আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।
পরবর্তীতে সামারি ট্রায়াল আদালত তাদের প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 









