চুয়াডাঙ্গা শহরের বড়বাজার এলাকায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ দই সংরক্ষণ, তৈরি মিষ্টি সামগ্রী খোলাস্থানে রাখা ও খাবার অনুপযুক্ত রং সংরক্ষণ করার অভিযোগে সৃষ্টি ডেইরিকে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটা টিম।
অভিযান সুত্রে জানা যায়, জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। এ সময় বড়বাজার এলাকায় সৃষ্টি ডেইরি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনার সময় ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ দই সংরক্ষণ, তৈরি মিষ্টি সামগ্রী খোলা রাখা ও খাবার অনুপযুক্ত রং সংরক্ষণ করার সত্যতা পাওয়া যায়। এই অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে নাজিম উদ্দীনে মেসার্স সৃষ্টি ডেইরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারি পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ দই সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সৃষ্টি ডেইরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 




















