চুয়াডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ শামীম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক হওয়া শামীম দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সদর উপজেলার ছয়ঘরিয়া মাঝেরপাড়া গ্রামের খেদের মিয়ার চায়ের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে বলদিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে শামীমকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উপস্থাপন করা হলে সামারি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচার) আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
সুত্র – দৈনিক মাথাভাঙ্গা
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 





















