চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের নতুন ভান্ডাদহ এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
সোমবার (৫ অক্টোবর) ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর হাতে মোট ২ লাখ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র।

এর আগে, গত ৬ সেপ্টেম্বর গভীর রাতে শংকরচন্দ্র ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে (নতুন ভান্ডাদহ) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি নাপিতের দোকান, একটি ইলেকট্রনিক্সের দোকান এবং একটি সার-কীটনাশকের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানগুলোর সব মালামাল পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ঘটনাস্থলে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি সরেজমিনে দেখেন। তাৎক্ষণিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন এবং শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, তারা আবেদন করলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং প্রশাসন তাদের পাশে থাকবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 

















