চুয়াডাঙ্গায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অপরাধে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় মেসার্স মনিরুল ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় সার্বিক সহযোগিতায় ছিল জেলা পুলিশের একটি টিম।
অভিযান সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোটরসাইকেল চালকদের কাছে লিটারে ২৫ থেকে ৩০ মিলিলিটার পর্যন্ত জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ, প্রতি ৫ লিটার তেলে প্রায় ২০০ থেকে ৩০০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছিল।
এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ‘মেসার্স মনিরুল ফিলিং স্টেশন’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সঠিক পরিমাপে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 























