নির্বাচন পরবর্তী সময়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি ও এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
আজ বুধবার (৪ মার্চ) বিকেলে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি অংশ নেন।
এ সময় পদ্মবিলা ইউনিয়নের সাধারণ জনগণ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানান এবং তার সঙ্গে কুশল বিনিময় করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মো. শাহেন উজ্জামান ও মাওলানা সাজিবুল ইসলাম, অফিস সম্পাদক মো. আশিরউদ্দীন, সদর উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মো. আশিরউদ্দীন বিশ্বাস ইমরান, পদ্মবিলা ইউনিয়ন আমীর মো. আসমান আলী, মো. মাসুদ রানা সহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় এমপি মাসুদ পারভেজ রাসেল উপস্থিত জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, অবকাঠামো, জনসেবা ও স্থানীয় সমস্যাবলী সম্পর্কে সরাসরি মতামত শোনেন। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং এলাকার উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান।
স্থানীয় জনগণের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ বজায় রেখে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশ্বাস দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















