চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে বাড়ির বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম ওরফে বরু (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, মোটরের বৈদ্যুতিক সংযোগের তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওরফে বরু দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ায় গোলজারের ছেলে কেরামত আলীর বাড়িতে মোটর চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন শফিকুল ইসলাম। একপর্যায়ে কলপাড়ে থাকা মোটরের বৈদ্যুতিক সংযোগের তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার শরীরের কয়েকটি অংশ পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, ভোর ৫টার দিকে কেরামত আলীর ভাইয়ের স্ত্রী নামাজের জন্য ওজু করতে বাইরে বের হলে বাড়ির পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে ছুটে আসেন এবং পরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মানজেরুল হাসান রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটর চুরির সময় বৈদ্যুতিক তার কাটতে গিয়ে শফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, এর আগেও চুরির অভিযোগে তাকে গণধোলাই দেওয়া হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 














