চুয়াডাঙ্গা থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে (১০৫তম ব্যাচ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)। নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে সততা, মানবিকতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক দায়বদ্ধতা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, চকলেট ও সম্মাননা ক্রেস্ট দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাহিদুজ্জামান টরিক। তিনি নিজের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি মানুষ গড়ার কারখানা। এখানকার প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে নিজেকে দক্ষ, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জীবনে বড় হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে।
ডুসাকের উপদেষ্টা ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মহসিন কবির বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সহশিক্ষা কার্যক্রম, সাংগঠনিক চর্চা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে নেতৃত্বের গুণাবলি বিকশিত করতে হবে। চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা তাদের মেধা, যোগ্যতা ও কর্মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে, এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুহুল কুদ্দুস শিপন, রয়েল এক্সপ্রেস পরিবহন ও ফিলিং স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক শামসুর রশীদ দীপু, লুব্রোম্যাক্স অয়েল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক বিল্টু, রাজস্ব কর্মকর্তা তারিকুল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মান্নান এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আজহারুল হক রিমন।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেন শুধু ডিগ্রি অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। বরং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা এবং ঐক্যের বন্ধন সুদৃঢ় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
ডুসাকের সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব ও সুমাইয়া তিথি।
অনুষ্ঠানে ডুসাকের বর্তমান ও সাবেক সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং চুয়াডাঙ্গা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন পথচলাকে শুভকামনা জানানো হয়।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 


























