চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির সিনিয়র সদস্য ও সংবাদপত্র বিক্রয় এজেন্ট রমজান আলী (৪০) আর নেই। দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভোগার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৯ জুলাই) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
রমজান আলী জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং আনসার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সংবাদপত্র বিপণনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। কর্মজীবনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের কারণে জীবননগরের সাংবাদিক অঙ্গনে তিনি একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
রমজান আলীর মৃত্যুতে জীবননগরের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
এএইচ
জীবননগর অফিস 



















