চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে পিতা-পুত্রসহ পাঁচজন নিখোঁজের ২০ দিন পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজদের জীবিত উদ্ধার ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে জীবননগর মুক্তমঞ্চে মানববন্ধন করেছে তাদের স্বজনরা।
পরিবারের সদস্যরা জানায়, গত ১৩ ও ১৪ অক্টোবর দুইদিনে একই গ্রামের পাঁচজন হঠাৎ নিখোঁজ হন। নিখোঁজরা হলেন,মমিন হোসেনের ছেলে স্বপন (৪০), আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন (৩০), আনার (৫২) ও তার ছেলে শফি (২৭), এবং শওকত আলির ছেলে হাসান (২৭)।
দীর্ঘ অনুসন্ধানের পরও কোনো সাড়া না পেয়ে নিখোঁজ হাসানের বাবা শওকত আলি ২১ অক্টোবর জীবননগর থানায় ছয়জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, একই গ্রামের আব্দুল হাকিম ফকিরের তিন ছেলে আব্দুল মজিদ (৪০), আব্দুস সামাদ (৪৫) ও বিপ্লব হোসেন (৫০), মনসুর আলীর ছেলে লালন মণ্ডল (৪২) এবং বাবলুর ছেলে শাহিন (৩২)।
মানববন্ধনে অংশ নেওয়া স্বজনদের চোখেমুখে ছিল উদ্বেগ ও ক্ষোভের ছাপ। তারা অভিযোগ করেন, মামলা দায়েরের পর ১০ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা নিখোঁজদের কোনো সন্ধান দিতে পারেনি।
তাদের দাবি, আমাদের সন্তানদের জীবিত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। আর তা না হলে আমরা বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব।
স্থানীয় সূত্র জানায়, গোয়ালপাড়া গ্রামে সম্প্রতি একটি স্বর্ণের চালান নিয়ে বিরোধের ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করেই গ্রামের স্বর্ণ চোরাচালানচক্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। নিখোঁজ পাঁচজনের ঘটনাটিও সেই বিরোধের ধারাবাহিকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, গোয়ালপাড়া গ্রামের পাঁচজন নিখোঁজের ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে তদন্ত চলছে, এবং দ্রুত সময়ের মধ্যেই নিখোঁজদের সন্ধান পাওয়া যাবে বলে আশা করছি।
গ্রামের মানুষ এখনো আতঙ্কে দিন কাটাচ্ছে। সীমান্তবর্তী এই এলাকায় একসঙ্গে এতজনের নিখোঁজ হওয়ায় এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















