চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে গভীর রাতে সংঘটিত গরু চুরির ঘটনায় গ্রামবাসীর তাৎক্ষণিক তৎপরতায় চুরিকৃত গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজন চোরকে আটক করা হয়েছে, তবে অপর একজন চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ভুক্তভোগী দিনমজুর ইসা মল্লিকের ভাই মো. শুকুর আলী জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে চাঁদপুর গ্রামের স্কুলপাড়ায় তাদের বাড়ি থেকে একটি গরু চুরি হয়। বিষয়টি জানার পরপরই পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আত্মীয়স্বজনের মাধ্যমে খবর পান, চুরিকৃত গরুটি চুয়াডাঙ্গা রেলপাড়া এলাকায় একটি বাড়িতে রাখা হয়েছে।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী একত্রিত হয়ে অনুসন্ধান শুরু করেন। মোমিনপুর ইউনিয়নের চাঁদপুর ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম জানান, গ্রামবাসীর পক্ষ থেকে চারজন যুবককে মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় পাঠানো হয়। অনুসন্ধানের একপর্যায়ে তারা চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন একটি বাড়িতে দুইজন সন্দেহভাজন ব্যক্তির অবস্থান টের পান। সেখানে তল্লাশি চালিয়ে চুরিকৃত গরুটি উদ্ধার করা হয়।
পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজন চোরকে আটক করে। আটককৃত ব্যক্তি ছয়ঘড়িয়া পশ্চিমপাড়ার শাহজাহানের ছেলে মো. সেকেন্দার আলী। তিনি চুয়াডাঙ্গা রেলপাড়ায় টুটু নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে। তবে তার সঙ্গে থাকা অপর একজন চোর পুলিশের উপস্থিতির আগেই পালিয়ে যায়।
এ ঘটনায় গরুর মালিক ইসা মল্লিকের ভাই মো. শুকুর আলী বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত গরুটি আইনি প্রক্রিয়া শেষে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে একজনকে আটক ও চুরিকৃত গরু উদ্ধার করে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















