চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ১০টি স্বর্ণের বারসহ একজন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত ব্যক্তি মো. আলঙ্গীর খান (৫৫), তিনি দর্শনা থানাধীন মোবারকপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত. বাদল খানের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় একটি চৌকস টহল দল দর্শনা পুরাতন রেলস্টেশন এলাকায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওঁত পেতে অবস্থান নেয়। এ সময় একজন ব্যক্তি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেয়।
কিন্তু সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে টহল দল তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত জনসাধারণের সামনে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচ টেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে সর্বমোট ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন,
উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন আনুমানিক ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। জব্দকৃত স্বর্ণের বার ও অন্যান্য মালামাল যথাযথ প্রক্রিয়ায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এএইচ
জীবননগর অফিস 

























