চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল দর্শনা থানাধীন গড়াইটুপি ইউনিয়নের বাটিকাডাঙ্গা দক্ষিণপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বাটিকাডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলামকে তার নিজ বসতবাড়ির উঠান থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ২৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক সাইফুল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বাটিকাডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা এবং তিনি মো. গিয়াস উদ্দিন মোন্টার ছেলে।
মাদকবিরোধী এই অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হেনা মো. মোস্তফা কামাল, উপ-পরিদর্শক সৌমিত্র সাহা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আবু আল ইমরানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















