চুয়াডাঙ্গার জীবননগরে ইয়াবা ট্যাবলেটসহ হালিমা বেগম (৫০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত হালিমা বেগম জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের কবির হোসেনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে জীবননগর থানার একটি দল উপজেলার ধান্যখোলা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হালিমা বেগমের হেফাজত থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ গঠন করে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) প্রক্রিয়ার জন্য তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়।
বিচারিক কার্যক্রম শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে হালিমা বেগমকে দোষী সাব্যস্ত করেন। এরপর তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগকারী সংস্থার এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 









