চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে অবৈধভাবে ডিজেল মজুদ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক ইউপি সদস্যকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আমিরপুর গ্রামের (মোমিনপুর ইউনিয়ন পরিষদের) ইউপি সদস্য শাহিনুর ইসলামের নিজ বাসভবন প্রাঙ্গণে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশের উপস্থিতিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ইউপি সদস্য শাহিনুর ইসলাম তার বাড়িতে ৫ ব্যারেল (১ হাজার লিটার) ডিজেল অবৈধভাবে মজুদ করে অধিক মূল্যে বিক্রির বিষয়টি স্বীকার করেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় জব্দকৃত ৫ ব্যারেল ডিজেল, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে এই জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে গ্রাহকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে, অভিযান চলাকালে কিছু ব্যক্তি মোবাইল কোর্টের কার্যক্রমে বাধা প্রদান এবং আক্রমণের চেষ্টা করে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ইউপি সদস্যের বাড়িতে লুকিয়ে রাখা ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয় কিছু ব্যক্তি বাধাগ্রস্ত করায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























