আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
চিৎলা ইউনিয়ন মহিলা দলের সভাপতি মনজু আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। আপসহীন নেতৃত্বের মাধ্যমে তিনি আজীবন মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। স্বৈরাচারী শাসন, রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার শিকার হয়েও তিনি কখনো মাথানত করেননি।
তিনি বলেন, দেশের দুঃসময়ে বেগম খালেদা জিয়া সবসময় জনগণের পাশে দাঁড়িয়েছেন। সেই কারণেই আজও এ দেশের কোটি কোটি মানুষ তাকে হৃদয়ে ধারণ করে রেখেছে। বর্তমান সময়ে দেশ গভীর রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট উত্তরণে বেগম খালেদা জিয়ার আদর্শ ও সংগ্রাম বিএনপির জন্য পথনির্দেশক।
শরীফুজ্জামান শরীফ আরও বলেন, নারী নেতৃত্বের ক্ষেত্রেও বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছেন, নারীরাও দেশ পরিচালনায় দক্ষ, দৃঢ় ও সফল নেতৃত্ব দিতে পারেন।
জাতীয়তাবাদী মহিলা দল সেই আদর্শ ধারণ করে তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করছে, যা বিএনপির আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই আন্দোলনে ত্যাগ, ধৈর্য ও সংগঠিত প্রচেষ্টা অপরিহার্য। বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও সংগ্রাম আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং মহান আল্লাহর কাছে দেশ ও জাতির জন্য কল্যাণ, শান্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রার্থনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, বৃহত্তর খাদিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম টোকন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা উপজেলা মহিলা দলের আহ্বায়ক উম্মে রিফাত সুলতানা বন্নী, চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিব ফেরদৌস হাসান পাপেন, সাধারণ সম্পাদক মহাসিন আলী বিশ্বাস, যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান ও আব্দুল হালিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ছয়টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ফার্মপাড়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আরেকটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসানুর রহমান মিলনের সভাপতিত্বে আয়োজিত ওই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ দোয়া মাহফিল পরিচালনা করেন কলোনিপাড়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুর রহমান।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 
























