চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জুমার নামাজে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় আবুল কালাম আজাদ (৬০) নামের এক সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের আগে উপজেলার হাটবোয়ালিয়া–ভালাইপুর সড়কের নগরবোয়ালিয়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ নগরবোয়ালিয়া গ্রামের মৃত দাউদ প্রামাণিকের ছেলে।
পরিবার ও স্থানীয়রা জানান, আবুল কালাম আজাদ জুমার নামাজ আদায় করতে সাইকেলযোগে গ্রামের মসজিদের দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপ ভ্যানটি শনাক্তে সড়কের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 
























