চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বানও জানানো হয়।
মঙ্গলবার (৫ মে) বিকেলে এরশাদ মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে হাইরোড হয়ে চারতলা মোড় ঘুরে বাজার প্রদক্ষিণ শেষে আল তায়েবা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার খাদিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আলম সাইফ, বিএনপি নেতা মহাবুল মেম্বর, শাফি ডাক্তারসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। তিনি বলেন, “মানবিক, সাম্য ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদল শান্তিপূর্ণভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু এ শান্তিপূর্ণ অবস্থানকে দুর্বলতা ভেবে একটি মহল পুনরায় সহিংস আচরণ শুরু করেছে।”
তিনি আরও বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং প্রশাসনের ওপর আস্থা রাখতে চাই। তবে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।”
আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ’র সভাপতিত্বে এবং সদস্য সচিব আল ইমরান রাসেলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু ও সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিউল হাসান সামি, রকিবুল ইসলাম টগর, লিটন আলী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান শুভ, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম লিমন, কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আব্দুর রাকিব জীবন, সিনিয়র যুগ্ম সম্পাদক শাফায়াত ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক আলিফ হামজা, হারদী কলেজ ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সোহানসহ বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















