এস এম সাইফুল ইসলাম
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক আজ চুয়াডাঙ্গায় আসছেন। জেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখবেন।
রবিবার (১৪ ডিসেম্বর) টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিতব্য জেলা উলামা পরিষদের ১৭তম মহাসম্মেলনের দ্বিতীয় দিনে আল্লামা মামুনুল হক প্রধান অতিথির বক্তব্য দেবেন বলে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি মুফতী জুনাইদ আল হাবিবী।
তিনি গণমাধ্যমকে জানান, এই ঐতিহাসিক মহাসম্মেলনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গার ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আলেম-উলামা, ছাত্রসমাজসহ সর্বস্তরের মানুষ সম্মেলনে অংশ নিতে আগ্রহী। সম্মেলনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এদিকে সম্মেলনের দ্বিতীয় দিনে আল্লামা মামুনুল হকের আগমনকে ঘিরে অতিরিক্ত প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখা। সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা জোবায়ের খান বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লামা মামুনুল হক চুয়াডাঙ্গায় আসছেন—এতে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর আগমন উপলক্ষে টাউন ফুটবল মাঠের মূল ফটকের ডান পাশে বাংলাদেশ খেলাফত মজলিসের ভ্রাম্যমাণ ‘প্রকাশনা ও সদস্য সংগ্রহ ক্যাম্প’ স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, সম্মেলন চলাকালে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি অস্থায়ী ট্রাফিক কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে। সংগঠনের নেতাকর্মীরা সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করবেন বলে জানান তিনি।
আয়োজকরা আশা করছেন, আজকের এই মহাসম্মেলন ধর্মপ্রাণ মানুষের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















