চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে জীবননগরে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টায় জীবননগর স্টেডিয়ামে জীবননগর উপজেলা একাদশ ও জীবননগর পৌর একাদশের মধ্যকার এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুমাইয়া সুলতানা অ্যানি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শাহাজাহান কবির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মামুনুজ্জামান আদুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য শফিকুল ইসলাম এবং সাবেক ফুটবলার সাইদুর, ঈদবারি, ফরিদসহ ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ প্রস্তুতি ম্যাচের মাধ্যমে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী উপজেলা ও পৌরসভা দলের খেলোয়াড় বাছাইয়ের কাজ অনেকটাই এগিয়ে গেছে।
জানা গেছে, চুয়াডাঙ্গার জাফরপুর নতুন স্টেডিয়ামে নকআউট পদ্ধতিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৭০ হাজার টাকা পুরস্কার।
এর আগে ২২ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় পুরস্কারের ঘোষণা দেন জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ ও জেলা প্রশাসক লুৎফুন নাহার।
প্রস্তুতি ম্যাচ পরিচালনা করেন শফিকুন্নবী রিয়ান। ধারাভাষ্য দেন ইসলাম রকিব।
এএইচ
জীবননগর অফিস 























