জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে খ্যাতিমান ইসলামি বক্তা মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল বন্ধের প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সুটিয়া গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, প্রতিবছরের মতো এ বছরও সুটিয়া হাফিজিয়া বহুমুখী মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে গ্রামবাসীর উদ্যোগে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে মুফতি আমির হামজার উপস্থিত থাকার কথা ছিল। তবে মাহফিল শুরুর দুই দিন আগে প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়, অনুষ্ঠানটি আয়োজন করা যাবে না।
গ্রামবাসীরা জানান, বিষয়টি জানার পর তারা জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের জানান, ওয়াজ মাহফিল বন্ধের বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এসেছে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষিত হওয়ায় এ সময় বড় ধরনের গণজমায়েত আইনগতভাবে নিষিদ্ধ। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তাদের জানানো হয়।
সভায় বক্তারা আরও বলেন, মাহফিল আয়োজনের জন্য তারা আগেই প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছিলেন। সে প্রেক্ষিতে হঠাৎ করে এমন সিদ্ধান্তে তারা হতাশ ও মর্মাহত। তাদের অভিযোগ, ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু ব্যক্তি লিখিত অভিযোগ দাখিল করে একটি ধর্মীয় কর্মসূচিকে বাধাগ্রস্ত করেছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে আসা একটি ধর্মীয় মাহফিল বন্ধ করে দেওয়া গ্রামবাসীর ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান এবং বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।
সুত্র – দৈনিক মাথাভাঙ্গা
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 























