চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুরে ট্রেনের ধাক্কায় আহত এক অজ্ঞাত বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। রোবরার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় মৃত্যুর বিষয়টি রেডিও চুয়াডাঙ্গাকে নিশ্চিত করেছেন।

এদিকে, বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে সদর থানা পুলিশ। পরিচয় সনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) জানিয়েছে সদর থানা পুলিশ। আগামীকাল (সোমবার) প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাত বৃদ্ধের পরিচয় সনাক্তে কাজ করবে সিআইডি।
উদ্ধারকারিদের বরাত দিয়ে জানা যায়, গত ২০ মার্চ সকালে দামুড়হুদার জয়রামপুর স্টেশনের অদূরে বড়পুলের মাঠ নামক স্থানে রেললাইনের পাশে আহত অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় তিনি অচেতন ছিলেন। পরে বৃদ্ধকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরিচয় না পাওয়া গত দুদিন যাবত সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান ও দুস্থের আস্থা নামক স্বেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে বৃদ্ধকে দেখভাল করা হচ্ছিল। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
ডা. এহসানুল হক তন্ময় রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, বৃদ্ধের মাথায় গুরুতর আঘাত ছিল। তিনি অচেতন অবস্থায় ছিলেন। আমার তত্ত্ববধানে চিকিৎসাধীন ছিলেন এই অজ্ঞাত বৃদ্ধ। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত বৃদ্ধ মারা গেছেন। আগামীকাল (আজ) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরিচয় সনাক্তে সিআইডিকে জানানো হয়েছে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 























