বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জনকল্যাণভিত্তিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ‘ফ্রি ডায়াবেটিক কেয়ার–২০২৫’।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে শতাধিক মানুষ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ গ্রহণ করেন।
এতে অংশ নেন অভিজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষিত মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবকরা। স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের রক্তে শর্করা পরীক্ষা, ঝুঁকি বিশ্লেষণ, খাদ্যাভ্যাস নির্ধারণ, প্রয়োজনীয় ওষুধ–পরামর্শ, জীবনযাপন নির্দেশনা এবং ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা সম্পর্কিত তথ্য প্রদান করা হয়।
বিশেষ করে নিম্নআয়ের মানুষের কাছে সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহ–সভাপতি শাওন হোসেন রুমন বলেন, ডায়াবেটিস এক নীরব ঘাতক; অনেক মানুষ প্রাথমিক পরীক্ষা ও পরামর্শের অভাবে বিপদের মুখোমুখি হন। আজকের এই ফ্রি ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিনা খরচে সেবা পৌঁছাতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, সমাজের আর্থ–সামাজিক উন্নয়ন, শিক্ষা–সংস্কৃতির বিকাশ এবং পরিবেশবান্ধব কার্যক্রম এসএমজে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল অঙ্গীকার। এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহন করা হবে।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 
























