চুয়াডাঙ্গায় সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুলের ১৮ প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়েছে। সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়কে নিরাপদ চলাচল, ট্রাফিক আইন মেনে চলা এবং বিভিন্ন ধরনের যানবাহন পরিচালনায় চালকদের দক্ষতা ও দায়িত্বশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুলের পরিচালক সামিউল হাসান সাকিব।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের একাডেমি মোড়ে অবস্থিত স্কুলটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে এসব সনদ তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস বলেন, প্রশিক্ষণ শেষে সনদ অর্জনের পাশাপাশি বাস্তব জীবনে প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো কিংবা ট্রাফিক আইন অমান্য করা থেকে বিরত থাকতে হবে। চালকের সামান্য অসতর্কতাও নিজের পাশাপাশি অন্যের জীবনকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই প্রত্যেককে দক্ষ চালক হওয়ার পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল চালক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুল ভবিষ্যতেও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আলোচনা সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) আমিনুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক নাহিদ হাসান ও উচ্চমান সহকারী সাকিরুল ইসলাম, চুয়াডাঙ্গা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টিটিসির ইন্সট্রাক্টর আশরাফ হোসেন ও নওশের আলী, সরকারি মহিলা কলেজের প্রভাষক রুবেল হোসেন, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ এবং পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন মুক্ত।
এ সময় উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের এজিএম শাহিন হোসেন, সদর মাইক্রোস্ট্যান্ডের সভাপতি সালেকিন হোসেন সোহাগ ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিপ্লব। আরও উপস্থিত ছিলেন সাকিব ড্রাইভিং ট্রেনিং স্কুলের ড্রাইভিং ইন্সট্রাক্টর মনিরুজ্জামান এবং সহকারী ট্রেইনার সালাউদ্দিন মন্ডল ও লিমন হোসেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১৮ জন প্রশিক্ষণার্থীর হাতে অতিথিরা প্রশিক্ষণ সমাপ্তির সনদ তুলে দেন।
এএইচ
আশিকুর রহমান 


















